যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের স্লোগান ও বিক্ষোভের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাঁর মতো সম্মানিত ব্যক্তিকে হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।
মৎস্যজীবী দলের এই নেত্রী ড. ইউনূসের শাসনামলে তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ড. ইউনূসকে উদ্দেশ করে মেঘনা আলম লেখেন, ‘ইউনূস কি অবস্থা? এক সৌদি বেটাকে খুশি করতে নিজ দেশের ইমেজ, ইজ্জত দুনিয়াতে ছোট করে, নিজ দেশের মহিলাকে নিয়ে মিথ্যা অপবাদ নাটক করে হেনস্তা করেছো। তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে!’
এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর টেরোরিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ ও ‘গো ব্যাক’সহ বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।
বিমানবন্দরে এ ঘটনার পর ড. ইউনূসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে মেঘনা আলমের এই পোস্ট সামনে এল। তাঁর মন্তব্যে ড. ইউনূসের শাসনামলে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গও উঠে এসেছে।
জ/শা