বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা-দুই ইন্ডাস্ট্রিতেই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। অভিনয়গুণে ভারতের বিভিন্ন অঞ্চলের দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘পূজা মেরি জান’।
এরই মধ্যে গুঞ্জন উঠেছে, অ্যাটলি কুমারের বহুল আলোচিত সিনেমা ‘রাকা’য় দেখা যেতে পারে ম্রুনালকে। এতে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার কথা শোনা যাচ্ছে তাঁর। লোককথা ও কল্পবিজ্ঞানের সমন্বয়ে বিশাল পরিসরে নির্মিত হচ্ছে সিনেমাটি।
তবে ‘রাকা’য় ম্রুনালের অভিনয়ের বিষয়টি এখনো নিশ্চিত নয়। এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, “আপনারা যে ধরে নিচ্ছেন আমি ‘রাকা’য় অভিনয় করছি, এটা আমার বেশ ভালো লাগছে! আমার আগামী সিনেমাগুলোর ঘোষণা খুব শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেব। আশা করি, তাতে এসব গুঞ্জনের অবসান হবে।”
সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে সরাসরি কিছু না জানালেও নিজের কাজের প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন ম্রুনাল। তিনি বলেন, ‘আমি শুধু বলতে চাই, কাজের প্রক্রিয়াটা উপভোগ করতে চাই। পরীক্ষার মতোই প্রতিটি কাজের কিছু ধাপ থাকে, লক্ষ্য নির্ধারণ, উপকরণ, পর্যবেক্ষণ ও উপসংহার। কিন্তু কোনো কাজ সফল হলো না, এমন সিদ্ধান্তে আমি পৌঁছাতে চাই না। আমার কাছে প্রতিটি অভিজ্ঞতাই নতুন শেখার সুযোগ।’
ম্রুনাল এমন গল্পে অভিনয় করতে চান, যা শুধু পর্দায় দর্শকদের বিনোদন দেবে না, বরং তাঁদের বাস্তব জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এমন সিনেমার অংশ হতে চাই, যেটা শুধু আমার জন্যই চ্যালেঞ্জিং হবে না, বরং মানুষকে তাদের সমস্যা কাটিয়ে উঠতেও সাহায্য করবে। মানুষকে আরও দৃঢ় সিদ্ধান্ত নিতে এবং আরও ভালো মানুষ হয়ে উঠতে অনুপ্রাণিত করবে।’
জ/উ