নাটোরের গুরুদাসপুর পৌরসভার নতুন ভবনের ৪র্থ তলার অবশিষ্ট কাজ সমাপ্তকরণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পৌর ভবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) পৌর ভবন এলাকায় গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে গুরুদাসপুর পৌরসভার নতুন ভবনের ৪র্থ তলার অবশিষ্ট কাজ সমাপ্তকরণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার।
গুরুদাসপুর পৌরসভা সূত্রে জানা যায়, নতুন ভবনের ৪র্থ তলার অসমাপ্ত কাজ শেষ হলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আরও সুবিধা হবে। পাশাপাশি নাগরিক সেবার পরিধি বাড়ানোর সুযোগও তৈরি হবে।
পৌরসভার প্রশাসক ফাহমিদা আফরোজের সার্বিক পরিকল্পনায় প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে গুরুদাসপুর পৌরসভা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে চাঁচকৈড় বাজার, গুরুদাসপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহ এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির ঠিকাদার মো. সেলিম শাহ।
পৌর প্রশাসনের পক্ষ থেকে আশা করা হয়েছে, ভবনের অবশিষ্ট কাজ শেষ হলে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিকদের সেবা প্রদানে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস, প্রকৌশলী মিলন মিয়া, সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, পৌর সচিব হাসান আলি, পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রাশিদুল ইসলাম, এম. সময় হাসান, আহ্বায়ক, উপজেলা যুবদল, মো. ইসরাফিল শেখ, সিনিয়র সদস্য, গুরুদাসপুর উপজেলা যুবদল এবং ইমান আলী দুলু, যুগ্ম আহ্বায়ক, নাজিরপুর ইউনিয়ন যুবদল। এ ছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জ/উ