দীর্ঘ ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা মিলবে বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান ও কারিনা কাপুরের। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’-এর পর পূর্ণাঙ্গ কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করেননি এই জুটি। এবার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে তাদের একসঙ্গে দেখা যাবে।
জানা গেছে, শচীন-জিগারের সুর করা গানটির সম্ভাব্য নাম ‘ড্যাডি কুল’। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় টানা পাঁচ দিন গানটির শুটিং করার পরিকল্পনা রয়েছে শাহরুখ ও কারিনার।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, গানটি বড় পরিসরে নির্মাণ করা হচ্ছে। এতে ভারতীয় শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের কোনো সংগীত তারকার কণ্ঠও থাকতে পারে। গানটিতে শাহরুখ ও কারিনাকে ভিন্ন ধরনের সাজ ও লুকে দেখা যাবে। নির্মাতাদের প্রত্যাশা, গানটি এ বছরের অন্যতম আলোচিত গান হয়ে উঠবে এবং ‘কিং’ সিনেমার বড় চমকগুলোর একটি হিসেবে দর্শকদের সামনে আসবে।
শাহরুখ-কারিনা জুটির পর্দার রসায়ন আগেও দর্শকদের প্রশংসা পেয়েছে। ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এর বাইরে ‘ডন’ ও ‘বিল্লু’ সিনেমায় অতিথি চরিত্রেও শাহরুখের সঙ্গে পর্দায় দেখা গেছে কারিনাকে।
দীর্ঘ বিরতির পর ফের এই দুই তারকার একসঙ্গে হাজির হওয়ার খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভক্তরা। বিশেষ করে ‘রা.ওয়ান’ সিনেমার ‘ছম্মক ছাল্লো’ ও ‘ক্রিমিনাল’ গানে শাহরুখ-কারিনার রসায়ন এখনও দর্শকদের স্মৃতিতে রয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ নির্মাণ করা হচ্ছে বড় বাজেটে। প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার মেয়ে সুহানা খানেরও।
‘কিং’-এর অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।
আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
জ/উ