প্রবাসীদের জন্য নতুন সুযোগ চালু করেছে সৌদি আরব। এখন দেশটিতে কাজের ভিসার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই উচ্চ দক্ষতার বিদেশি কর্মীরা তাদের যোগ্য পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করতে পারবেন।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর ফলে দেশটিতে কর্মরত বা কাজের জন্য যাওয়া অত্যন্ত দক্ষ বিদেশি নাগরিকদের পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী পুত্র এবং অবিবাহিত কন্যাদের সৌদি আরবে নিয়ে যেতে পারবেন। আবেদনের সব প্রয়োজনীয়তা ও নির্ধারিত শর্ত পূরণ করা হলে উচ্চ দক্ষ কর্মীর কর্মসংস্থান ভিসা প্রক্রিয়াকরণের পাশাপাশি তার যোগ্য পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসাও দেওয়া যেতে পারে।
নতুন ব্যবস্থার আওতায় পরিবারকে সৌদি আরবে নেওয়ার জন্য বিদেশি কর্মীদের নিজেদের ওয়ার্ক ভিসার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করতে হবে না। ওয়ার্ক ভিসা প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই যোগ্য পরিবারের সদস্যদের প্রবেশ ভিসা দেওয়ার সুযোগ থাকবে। তবে এ ক্ষেত্রে আবেদনের সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক।
সৌদি সরকারের এ উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সূত্র: গালফ নিউজ
জ/উ