পোশাক ও টেক্সটাইল খাতে দীর্ঘদিনের গ্যাস ও বিদ্যুৎ সংকটের পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে এখনো কিছু কারখানায় সমস্যা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বিটিএমএ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট।
শফিকুল ইসলাম সরকার বলেন, বিরোধীদলীয় নেতা অত্যন্ত আন্তরিক পরিবেশে তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন। ব্যস্ততার মধ্যেও তিনি বিটিএমএ প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ ও ধৈর্যের সঙ্গে শুনেছেন।
বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ খাতে বর্তমানে প্রায় ৩২ বিলিয়ন ডলারের বড় ধরনের বিনিয়োগ রয়েছে। তৈরি পোশাক শিল্পের প্রধান ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে এ খাত কাঁচামাল সরবরাহ করে পোশাকশিল্পের মূল চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছে।
বিটিএমএ ভাইস প্রেসিডেন্ট বলেন, শিল্প খাতে বিদ্যমান বিভিন্ন জটিলতা ও প্রতিবন্ধকতার বিষয় সংগঠনের পক্ষ থেকে নিয়মিত গণমাধ্যম এবং সরকারের কাছে সরাসরি তুলে ধরা হচ্ছে। প্রধানমন্ত্রীও একাধিকবার তাঁদের প্রতিনিধি দলকে সময় দিয়েছেন এবং ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো শুনেছেন। এরই মধ্যে বেশ কিছু সংকটের ইতিবাচক সমাধান হয়েছে। তবে কিছু সমস্যা এখনো রয়ে গেছে, যেগুলো নিয়ে কাজ চলছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও বারবার আমাদের প্রতিনিধি দলকে সময় দিয়েছেন, ধৈর্য সহকারে সমস্যাগুলোর কথা শুনেছেন এবং ইতোমধ্যে বেশ কিছু সংকটের ইতিবাচক সমাধান করেছেন। কিছু কিছু সমস্যা নিয়ে আমরা এখনো কাজ করছি। সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। বিরোধীদলীয় নেতা আমাদের আশ্বস্ত করেছেন, এগুলো সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং সহযোগিতা করে যেন তাড়াতাড়ি সমাধান পাই, সে ব্যাপারে উনি আলোকপাত করবেন।’
বিরোধী দলের কাছে তাঁদের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে শফিকুল ইসলাম সরকার বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল যে আমরা পরিচিত হবো। আমাদের যে কথাগুলো উনি সচরাচর গণমাধ্যমে শুনেন, সেগুলো সরাসরি তার কাছে পৌঁছে দেওয়া। উনার কিছু প্রশ্ন ছিল, আমরা চেষ্টা করেছি সেগুলোর উত্তর দেওয়ার। আমাদের সমস্যাগুলোর কথা উনি শুনতে চেয়েছেন, সেগুলো আমরা জানিয়েছি।’
পোশাক ও টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের সামনে একাধিক সমস্যা রয়েছে। এসব সমস্যা ইতোমধ্যে সরকারের কাছে তুলে ধরা হয়েছে এবং বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা চলছে।
তিনি বলেন, ‘আমাদের অনেকগুলোই তো সমস্যা আছে। সে সমস্যাগুলো আমরা সরকারের কাছে তুলে ধরেছি। আমাদের ইনসেন্টিভের সমস্যা, গ্যাস-বিদ্যুতের সমস্যা, এলডিসি গ্রাজুয়েশনে যে সমস্ত চ্যালেঞ্জ আসবে তা নিয়ে সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি। সরকারের পক্ষ থেকেও এসব বিষয়ের অনেকগুলোই ইতোমধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকিগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা চলছে। সেগুলো আমরা বিরোধী নেতাকেও অবহিত করেছি।’
জ/উ