রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-06T15:05:46+06:00
2026-10-06T15:05:46+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:০৫ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মিয়ানমারে বসবাসরত রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে তা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করার পাশাপাশি অবৈধ অভিবাসনকে উৎসাহিত করতে পারে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারপার্সন আফসানা বেগম এমপির নেতৃত্বে সফররত একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফররত প্রতিনিধিদলে আরও ছিলেন হাউস অব কমন্সের সদস্য শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন।

বৈঠকে হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রেও ক্রমেই বিস্তৃত হচ্ছে।

প্রতিনিধিদলটির আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্ভোগ কমাতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি তারা পুনর্ব্যক্ত করেন।

রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা এবং তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাজ্যের পার্লামেন্ট ও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রতিনিধিদলের সদস্যরা।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক আরও জোরদারে এপিপিজির ধারাবাহিক আগ্রহের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক সুসংহতকরণ ও সংস্কার কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ, যুক্তরাজ্যের পার্লামেন্ট এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে এপিপিজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের অগ্রগতি ও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি যুক্তরাজ্যের পার্লামেন্টে তুলে ধরতে এবং দুই পক্ষের মধ্যে আরও সম্পৃক্ততা বাড়াতে তিনি গ্রুপটির সহযোগিতা কামনা করেন।

বৈঠকে সংসদীয় সহযোগিতা ও পারস্পরিক বিনিময়, গণতান্ত্রিক সুসংহতকরণ, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে উভয় পক্ষ নিজেদের মতামত বিনিময় করে। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামগুলোর মাধ্যমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে দুই পক্ষ।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত