আর্জেন্টিনা জাতীয় দলে মহাতারকা লিওনেল মেসির অধ্যায় শেষের পথে। ২০২৬ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন তিনি। মেসিকে ছাড়া অ্যালবিসেলেস্তেদের ভবিষ্যৎ কেমন হবে, তা নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন দলের বিশ্বস্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তার মতে, মেসি অবসরে গেলে জাতীয় দলে তৈরি হবে এক ‘বিশাল শূন্যতা’।
সম্প্রতি এক ম্যাচের পর সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে মার্তিনেজ জানান, লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল কেমন হবে, সেই নতুন বাস্তবতার জন্য এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত হতে হচ্ছে তাদের। তবে তিনি এও বিশ্বাস করেন যে, মেসির রেখে যাওয়া সেই বিশাল শূন্যস্থান পূরণ করার মতো পর্যাপ্ত চরিত্র, প্রতিভা ও সামর্থ্য বর্তমান স্কোয়াডের তরুণ ফুটবলারদের রয়েছে।
মেসির সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার অভিজ্ঞতা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ে মেসির অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন ‘ডিয়ানু’ খ্যাত এই গোলরক্ষক। মেসিকে ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়ে বিশ্বকাপ ট্রফি এনে দিতে সামান্য হলেও সহায়তা করতে পেরেছেন এটিকে নিজের জীবনের অন্যতম বড় সম্মান বলে মনে করেন মার্তিনেজ।
তিনি আবেগভরা কণ্ঠে বলেন, ‘আমি সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করেছি, সে সেটা জানে। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করতে চাই।’
ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে এ পর্যন্ত ২০৭টি ম্যাচ খেলে করেছেন ১২৫টি গোল। ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার আটবার জিতেছেন মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর। ২০২৬ বিশ্বকাপই হতে চলেছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।
জ/রা