দীর্ঘ নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার, পরবর্তী সময়ে আরও দুটি অস্ত্রোপচার ও কেমোথেরাপির মতো কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবে শারীরিক সেই সংকট পেছনে ফেলে আবারও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
গতকাল শনিবার দীর্ঘ বিরতির পর ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন তানিয়া বৃষ্টি। শুরুতেই নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমানে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। অস্ত্রোপচারের পর তার ওজন বেড়েছে বলেও জানান তিনি।
তানিয়া জানান, এ বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করাতে হয় তাকে।
অসুস্থতার কারণে দীর্ঘ সময় ঠিকভাবে কথা বলতেও পারেননি তানিয়া। পরবর্তী সময়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন এই অভিনেত্রী।
ফেসবুক লাইভে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তানিয়া জানান, তার কেমোথেরাপি এখনও চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে। তবে চিকিৎসার পাশাপাশি অভিনয়ে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
অভিনয়ে ফেরার বিষয়ে তানিয়া বলেন, ‘আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’
তার এই বক্তব্যে দীর্ঘ অপেক্ষার পর তানিয়ার কাজে ফেরার সম্ভাবনায় আশাবাদী হয়েছেন ভক্তরা। অসুস্থতার পুরো সময়টাতেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এ সময় দর্শকদের ভালোবাসা ও আগ্রহই তাকে আবার কাজে ফেরার সাহস জুগিয়েছে বলে জানান তানিয়া।
তিনি বলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অভিনয় করব, কারণ দর্শক আমাকে চান। আমি নিজেও অভিনয় খুব মিস করি।’
চিকিৎসার পাশাপাশি বর্তমানে বেশির ভাগ সময় নিজের পোষা বিড়ালগুলোর সঙ্গে কাটাচ্ছেন তানিয়া। বাইরে কোথাও গেলেও সঙ্গী হয় তার পোষা প্রাণীগুলো। দীর্ঘ চিকিৎসার সময়ে এসব পোষা প্রাণী তাকে মানসিকভাবে ভালো থাকতেও সহায়তা করেছে বলে জানান তিনি।
এদিকে, দীর্ঘ নয় মাসের কঠিন সময়ে যারা তার পাশে ছিলেন, সেই ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তানিয়া বৃষ্টি। তার সুস্থতার জন্য নিয়মিত দোয়া করা এবং আবার অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা দর্শকদের ভালোবাসা তাকে স্পর্শ করেছে বলে জানান তিনি।
সবশেষে ভক্তদের কাছে নিজের জন্য দোয়া চেয়ে তানিয়া বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। অনেকেই জানতে চাইতেন, আমি কেমন আছি। সেই জন্য লাইভে আসা। সবাই ভালো থাকবেন।’
জ/উ