মেসির বিদায়েও থাকছে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-10-03T11:43:13+06:00
2026-10-03T11:43:13+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
মেসির বিদায়েও থাকছে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি
স্পোর্টস ডেস্ক
⏲ ১১:৪৩ এএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের বিদায়ে আর্জেন্টিনা হারাতে যাচ্ছে এক কিংবদন্তিকে। তবে মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও আলবিসেলেস্তেদের ঐতিহাসিক ১০ নম্বর জার্সির গল্প থামছে না।

মেসিকে সম্মান জানিয়ে ১০ নম্বর জার্সিটি চিরতরে তুলে রাখার পরিকল্পনা করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কিন্তু ফিফার নিয়মের কারণে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

২০০৯ সাল থেকে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে একের পর এক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মেসি। তাঁর নেতৃত্বে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নিজের অবস্থান আরও উঁচুতে নিয়ে গেছেন এই তারকা।

মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে তাঁকে বিশেষ সম্মান জানাতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর পরিকল্পনা করেছিলেন। অর্থাৎ ভবিষ্যতে আর কোনো আর্জেন্টাইন ফুটবলার যেন এই নম্বরের জার্সি না পরেন, এমন চিন্তা করা হয়েছিল।

তবে ফিফার নিয়ম সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বিধান অনুযায়ী, বিশ্বকাপ ও কোপা আমেরিকার মতো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোকে ১ থেকে ২৬ নম্বর পর্যন্ত জার্সি ব্যবহার করতে হয়। ফলে ১০ নম্বর জার্সি স্থায়ীভাবে বাদ দেওয়ার সুযোগ নেই।

অবশ্য প্রীতি ম্যাচে বিশেষ পরিস্থিতিতে ১০ নম্বর জার্সি খালি রাখার সুযোগ রয়েছে। কিন্তু প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক টুর্নামেন্টে দলের একজন খেলোয়াড়কে অবশ্যই ১০ নম্বর জার্সি পরতে হবে।

আগামী মঙ্গলবার বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী মেসি। ম্যাচটি হবে আর্জেন্টিনার হয়ে তাঁর ২০৮তম এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ফলে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটলেও আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির পথচলা শেষ হচ্ছে না। ভবিষ্যতে আবারও কোনো নতুন আর্জেন্টাইন তারকার গায়ে দেখা যাবে বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহাসিক এই জার্সি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত