‘জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই’

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-04T13:12:06+06:00
2026-10-04T13:12:06+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
‘জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই’
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১২ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্ব তাদের হাতেই দেওয়া হবে, যারা তা নিশ্চিত করতে সক্ষম।

আজ রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, রাজধানীসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানও ধ্বংসপ্রাপ্ত বলে মন্তব্য করেন তিনি।

বিমানবন্দরে জামায়াতের সংসদ সদস্যদের হেনস্তার অভিযোগ তুলে শফিকুর রহমান অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা’ বলে দাবি করেন। তার ভাষ্য, আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি। তাকে ঘিরে করা অভিযোগকে ‘হাজার ভাগ মিথ্যা’ বলেও মন্তব্য করেন তিনি।

আখতারুজ্জামানকে শুধু জামায়াতে ইসলামীর নয়, সারাদেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবেও উল্লেখ করেন জামায়াত আমির। ঘটনাটিকে দেশবাসী ও প্রবাসীদের হালকাভাবে না দেখার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যসেবা নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তিনি বলেন, একটি মেডিকেল প্রতিষ্ঠানে মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না গেলে সেখানে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

তিনি আরও বলেন, জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একজনকে সংসদ সদস্য হিসেবে পদত্যাগ করানো হয়েছে। তবে তিনি দল থেকে পদত্যাগ করেননি এবং তাকে হাতকড়া পরানো হয়নি বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

আখতারুজ্জামানকে হাতকড়া পরানোর প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ‘তিনি (আখতারুজ্জামান) বলেছেন, ও ডিবি ভাই, আমাকে হাতকড়া পরান। সালাহউদ্দিন সাহেবের ইচ্ছা শতভাগ পূরণ হোক।’

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, জনগণের টাকা ঘাটে ঘাটে ও স্থানে স্থানে চুরি করা হলে তারা আর বসে থাকবেন না।

এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘আমরা ডেঙ্গুকে মহামারির মতো দেখছি।’ এ কারণেই ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি নেওয়া হয়েছে এবং এ রোগ মোকাবিলায় তারা ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।

সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব।’ জনগণ যে সরকারের কাছে শান্তিতে ঘুমাতে পারে না, সেই সরকারের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। দায়িত্ব পালনে সক্ষমদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথাও বলেন জামায়াত আমির। এ ছাড়া সরকার নিজেরাও কিছু করবে না এবং অন্যদেরও কিছু করতে দেবে না-এমন অভিযোগও করেন তিনি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত