ব্রাইডাল ফটোশুটে প্রায়ই নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমার কাজের ব্যস্ততা কম থাকলে মেকওভারের মাধ্যমে ভিন্ন লুকে হাজির হতে দেখা যায় তাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। একটি ব্রাইডাল মেকওভারে কনের সাজে দেখা গেল অপু বিশ্বাসকে। আর তার সঙ্গে বর বেশে ছিলেন চিত্রনায়ক আদর আজাদ।
ফটোশুটের কিছু ছবিতে অপু বিশ্বাস ও আদর আজাদকে একই ফ্রেমে দেখা গেছে। তাদের একসঙ্গে দেখে অনেকেই প্রশংসা করছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, দুজনকে একসঙ্গে বেশ মানিয়েছে। এমনকি শাকিব খানের চেয়েও আদর আজাদের পাশে অপু বিশ্বাসকে বেশি মানিয়েছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
বিয়ের হলুদের অনুষ্ঠানে বর-কনেকে যেভাবে দেখা যায়, এই ফটোশুটেও অনেকটা তেমন সাজেই হাজির হয়েছেন তারা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে ফটোশুটের একটি ভিডিও ও কয়েকটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। সেখানেই ধরা পড়েছে তাদের এই বিশেষ আয়োজনের নানা মুহূর্ত।
ফটোশুটটিকে সুন্দর এক আবহে তুলে ধরে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা’।
ছবিতে অপু বিশ্বাসকে জলপাই রঙের নান্দনিক কারুকাজ করা লেহেঙ্গায় দেখা গেছে। এর সঙ্গে ছিল হলুদ রঙের ওড়না। পোশাকে জলপাই ও হলুদের সমন্বয় তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কানে ও গলায় ভারী অলংকারে কনের সাজে পূর্ণতা পেয়েছে তার লুক।
অন্যদিকে বর সাজে আদর আজাদকেও দেখা গেছে বেশ নজরকাড়া অবয়বে। তার পরনে ছিল লাল কারুকাজ করা পাঞ্জাবি। বর-কনের সাজে দুজনকে রাজকীয় ভঙ্গিতে একসঙ্গে বেশ কয়েকটি পোজ দিতে দেখা যায়।
কখনো অপুর লাল দোপাট্টার আড়ালে দেখা গেছে আদর আজাদকে। আবার কখনো মুখে মিষ্টি হাসি রেখে ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অপু। পুরো ফটোশুটেই তাদের সাজ ও উপস্থাপনায় ছিল উৎসবের আমেজ।
এই বিশেষ আয়োজনের মেকওভারের সঙ্গে সংশ্লিষ্টদেরও কৃতিত্ব দিয়েছেন অপু বিশ্বাস। শুটের স্টাইলিং, কনসেপ্ট, গহনা ও পোশাকসহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্তদের ক্রেডিটও জানিয়েছেন তিনি।
অপু বিশ্বাস ও আদর আজাদের এই ফটোশুট ও মেকওভারের ছবি এখন দুজনের ফেসবুক টাইমলাইনেই জায়গা করে নিয়েছে। প্রকাশের পর থেকেই ছবিগুলো নিয়ে প্রশংসা করছেন তাদের অনুসারীরা।
জ/উ