পূজার আগেই জমে উঠেছে দেব ও শুভশ্রী গাঙ্গুলীর ‘দেশু ৭’-এর প্রচার। আগরতলা, শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর এবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে প্রচারে হাজির হন টালিউডের জনপ্রিয় এই জুটি। মঞ্চে নাচ-গান আর দুই তারকার উপস্থিতিতে তৈরি হয় উচ্ছ্বাস। তবে প্রচারের ব্যস্ততার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনায় এসেছে দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক।
দুর্গাপুরের প্রচার অনুষ্ঠানে দেবকে দেখা যায় কালো টি-শার্ট ও জ্যাকেটে। অন্যদিকে শুভশ্রী নজর কাড়েন জনপ্রিয় ব্র্যান্ড জারার কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি পোশাকে।
তবে পোশাকের চেয়েও শুভশ্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবির কমেন্টবক্স নিয়ে বেশি আলোচনা করছেন নেটিজেনরা। সেখানে দেব-শুভশ্রীর পুরোনো প্রেমের প্রসঙ্গ তুলে একের পর এক মন্তব্য করছেন ভক্তরা।
২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই জুটির পর্দার রসায়নের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ২০১৩ সালে সেই সম্পর্কে ইতি ঘটে। এরপর দুজনই নিজেদের জীবনে এগিয়ে যান। শুভশ্রী বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তীকে। অন্যদিকে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে দেবের সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে।
বর্তমানে দেব-শুভশ্রীকে আবারও একসঙ্গে দেখে তাই পুরোনো দিনের প্রসঙ্গ টেনে মজায় মেতেছেন নেটিজেনরা। একজন মন্তব্য করেন, ‘পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী।’ আরেকজন শুভশ্রীকে উদ্দেশ করে লেখেন, ‘শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কী মানে ছিল?’
আরেক ভক্ত লিখেছেন, ‘প্রাক্তনের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা।’ কেউ আবার মজার ছলে শুভশ্রীকে উদ্দেশ করে মন্তব্য করেন, ‘তোমার মতো একজন প্রাক্তন আমার জীবনেও দরকার ছিল।’
পুরোনো সম্পর্ক নিয়ে নেটিজেনদের এমন আলোচনা নতুন করে আগ্রহ তৈরি করলেও দেব-শুভশ্রীর বর্তমান ব্যস্ততা মূলত ‘দেশু ৭’ ঘিরেই। এটি হতে যাচ্ছে এই জুটির একসঙ্গে সপ্তম সিনেমা। অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনাও করছেন দেব।
পূজার আবহেই দর্শকদের সামনে আসছে ‘দেশু ৭’। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। পর্দায় পুরোনো এই জুটির নতুন রসায়ন দর্শকদের কতটা আকৃষ্ট করে, তার উত্তর মিলবে মুক্তির পর।
জ/উ