কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান। আজ শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে জ্বালানিবাহী তিনটি লরি রূপপুরের উদ্দেশে রওনা হয়।
সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড ও এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে বহরটি ইউরেনিয়াম নিয়ে রওনা দেয়। তিনটি লরিতে ইউরেনিয়াম এবং অন্য একটি লরিতে অন্যান্য সরঞ্জাম নেওয়া হচ্ছে। বহরের সঙ্গে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও রয়েছেন।
ইউরেনিয়ামবাহী বহর চলাচলের সময় নির্ধারিত সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে কয়েকটি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার রাতে বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামবাহী একটি বিমান ঢাকায় পৌঁছায়। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চালানটি গ্রহণ করে।
জানা গেছে, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের চালান দেশে আসবে।
জ/উ