অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও স্বস্তিতে নেই ব্রাজিল। ব্রিসবেনের ল্যাং পার্কে ম্যাচের প্রথমার্ধেই হয়েছে চার গোল। বিরতিতে ২-২ সমতায় রয়েছে দুই দল। এর আগে টাউনসভিলে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত দিয়ে তৈরি হওয়া আক্রমণ থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠান ভান্দেরসন।
দ্রুত গোল হজম করলেও তাতে ছন্দ হারায়নি অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। মেটকাফের নেওয়া কর্নারে ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথায় লেগে বল চলে যায় দূরের পোস্টে থাকা আলেসান্দ্রো সিরকাটির কাছে। দারুণ ভঙ্গিতে পা ছুঁইয়ে বল জালে পাঠান অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার।
গোলটি অফসাইড কি না, তা যাচাই করতে ভিএআরের সহায়তা নেওয়া হয়। পরে গোলটি বৈধ ঘোষণা করা হয়।
প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। ৪৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। তবে বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়াও জবাব দেয়, ফলে প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়।
জ/শা