রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে পাকিস্তানি পণ্যের মেলা ‘মেড ইন পাকিস্তান’। বাংলাদেশে চতুর্থবারের মতো আয়োজিত এ মেলায় পাকিস্তানের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আগামীকাল ২৬ সেপ্টেম্বর শেষ হবে এবারের আয়োজন। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকছে।
মেলায় পাকিস্তানি বস্ত্র, খাদ্য ও পানীয়, প্রসাধনী, হারবাল ও ওয়েলনেস পণ্য, হস্তশিল্প এবং ফ্যাশন সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। পাকিস্তানি বিভিন্ন কোম্পানি, ব্র্যান্ড ও উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরাও এতে অংশ নিয়েছেন।
আগামীকাল মঙ্গলবার মেলার উদ্বোধন করেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে পাকিস্তানের বেশ কয়েকটি ফ্যাশন আউটলেট চালু হওয়া, প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রফতানির জন্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়া-দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির উদাহরণ।
বাণিজ্যিক বাধা দূর করে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তুলতে দুই দেশের ব্যবসায়ীরা পাকিস্তান হাইকমিশন ও ইপিবির কাছে নীতিগত প্রস্তাব দিতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ জানান, বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানে অনুষ্ঠেয় আগামী বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেবেন।
মেলার প্রথম দিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আইসিসিবিতে আসছেন। পরিবার-পরিজন নিয়ে তারা বিভিন্ন স্টল ঘুরে পাকিস্তানি পণ্য দেখার পাশাপাশি পছন্দের সামগ্রী কিনছেন।
জ/উ