বাংলাদেশের পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবন, বারিধারায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই আহ্বান জানান পর্যটনমন্ত্রী।
এ সময় পর্যটনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও বিকাশে যুক্তরাজ্য আমাদের পাশে থাকবে বলে আশা করছি। যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানাই-বাংলাদেশে আসুন এবং আমাদের পর্যটন ও আতিথেয়তা খাতে বিনিয়োগ করুন। আমরা যুক্তরাজ্যের বিনিয়োগকে স্বাগত জানাই এবং একটি অনুকূল, নিরাপদ ও সম্ভাবনাময় বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যটন খাতের বিকাশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং বিনিয়োগের পরিবেশ আরও সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। অর্থনৈতিক বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে আমরা বেসরকারি বিনিয়োগের জন্য আরও বিস্তৃত সুযোগ সৃষ্টি করছি। পর্যটন ও আতিথেয়তা খাতে দেশি-বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার।
এভিয়েশন খাত সম্পর্কে মন্ত্রী বলেন, আমাদের এয়ার কার্গো খাতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতা কামনা করছি। ২০১৭ সালের জুন থেকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে পাঠানো কার্গো ও ডাককে ‘High Risk Cargo and Mail’ (HRCM) হিসেবে চিহ্নিত করেছে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ মোকাবিলায় আমরা কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি বৃন্দ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
জ/উ