সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। আজ সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল হামজা-জামালরা। তবে সিঙ্গাপুরের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে থমাস ডুলির দল।

2026-09-28T17:40:15+06:00
2026-09-28T18:43:42+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৬:৪৩ পিএম
সংগৃহীত ছবি
ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। আজ সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল হামজা-জামালরা। তবে সিঙ্গাপুরের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে থমাস ডুলির দল।

জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের আক্রমণাত্মক উপস্থিতি ছিল স্পষ্ট। প্রথম ১৫ মিনিটে রাকিব হোসেন ও সুকি ইতুফুসা কয়েক দফা সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি করেন। ১৫ মিনিটে বক্সে ঢুকে রাকিব সতীর্থকে বল বাড়ানোর চেষ্টা করলেও সেখানে বাংলাদেশের কোনো খেলোয়াড় না থাকায় সুযোগটি কাজে লাগানো সম্ভব হয়নি।

এর আগে ম্যাচের ৬ মিনিটেই হলুদ কার্ড দেখেন বাংলাদেশের শামিত সোম। জুলকিফলিকে টেনে ধরায় রেফারি তাকে সতর্ক করেন। এরপর ১৬ মিনিটে দ্রুত দুটি কর্নার আদায় করে নেয় সিঙ্গাপুর। দ্বিতীয় কর্নার থেকে ইলহান ফান্দির নেওয়া প্রচেষ্টা সামলে বাংলাদেশকে বিপদমুক্ত করেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

৩৩ মিনিটে আবারও বাংলাদেশের ত্রাতা হয়ে দাঁড়ান শ্রাবণ। বক্সের ঠিক বাইরে থেকে সিঙ্গাপুরের পাওয়া ফ্রি-কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি। পরে তারিক কাজী বল ক্লিয়ার করে বিপদমুক্ত করেন বাংলাদেশকে।

তবে এর দুই মিনিট পরেই গোল হজম করে বাংলাদেশ। ৩৫ মিনিটে বাম দিক থেকে আবদুল্লাহ নূরের বাড়ানো ক্রসে হেড করেন স্টেয়ার্ট। তার সেই হেডে পরাস্ত হন শ্রাবণ। ফলে এগিয়ে যায় সিঙ্গাপুর।

গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগও তৈরি হয়েছিল সিঙ্গাপুরের সামনে। ৩৭ মিনিটে ডান দিক থেকে তাদের নেওয়া একটি শট বাংলাদেশের ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধে বলের দখলে বাংলাদেশ এগিয়ে থাকলেও কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি। বিপরীতে সিঙ্গাপুর পাঁচটি শট নেয়, যার চারটিই ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের লক্ষ্যে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। শুরু থেকেই সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরির চেষ্টা চালায় জামাল ভূঁইয়ার দল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত একের পর এক আক্রমণ গড়ার চেষ্টা করেও সমতাসূচক গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরও আর গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এই হারের ফলে দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া বাংলাদেশ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মালয়েশিয়া। সমান ৩ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। সেই ম্যাচে জামাল ভূঁইয়ার দল মাঠে নামবে টুর্নামেন্টে নিজেদের শেষ সুযোগ নিয়ে।

জ/শা 






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]