দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ সোমবার সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
স্পিকার বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশের আনাচে-কানাচে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় অঞ্চল মৎস্য উৎপাদন ও আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ ভবন লেকে মাছ চাষের উদ্যোগের মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণকে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে দেশের মানুষ মৎস্যসম্পদ উৎপাদনে আরও আগ্রহী হবেন।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন। ‘সন্তান থাকুক দুধে-ভাতে এবং মাছে-ভাতে বাঙালি’ বাস্তবায়নে দেশের আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বাড়াতে হবে।
সংসদ ভবন লেকে মোট ১ হাজার ২০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে। এর অংশ হিসেবে সোমবার ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ