সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জন আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে।
আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না, তাদের নিয়ে আমরা কাজ করব।’
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লাখ ৬৯ হাজার। যথাযথভাবে নিয়োগপ্রক্রিয়া বজায় রাখতে সরকার কাজ শুরু করেছিল।
শিক্ষামন্ত্রী জানান, ‘আমাদের কাছে ৩৩ জনের ৮৫৪ জনের ফাইনাল অ্যাপ্লিকেশন এসেছে। ডিপিও ইস্যু করে নিয়োগপত্র। সে সময় দেখা গেছে, তাদের ভেরিফিকেশন এবং অনেকেই ঠিকানা পাল্টেছেন। সেগুলো পর্যায়ক্রমে তারা দিচ্ছে।’
তিনি আরও জানান, পর্যায়ক্রমে প্রার্থীদের ভেরিফিকেশন হচ্ছে এবং ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে। যাদের নিয়োগপ্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণে রেখে পর্যালোচনা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যাদের হয়নি সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং সেগুলো রিভিউ করছি। ১ অক্টোবর পর্যন্ত এটা চলবে।’
জ/উ