প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর আয়োজনের বিষয়ে বাংলাদেশ ও ভারত নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরের তারিখ চূড়ান্ত করার চেষ্টা করছে দুই দেশ।
নভেম্বরের সম্ভাব্য এই সফরের প্রস্তুতি বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব নেওয়ার পর আরও গতি পেতে পারে। তিনি আগামী অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের প্রথমভাগে নয়াদিল্লিতে দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে আশা করা হচ্ছে।
তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি সফর আয়োজনের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি সুরাহাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান তারেক রহমান। জবাবে মোদিও তাকে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠান। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই বার্তা বিনিময়ের পর দ্বিপক্ষীয় সফরটি দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে গত ১৭ সেপ্টেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল হঠাৎ ঢাকা সফর করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে ওই কথিত গোপনীয় সফর নিয়ে এখন পর্যন্ত ঢাকা বা নয়াদিল্লি-কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।
জ/উ