ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বন্ধের উদ্যোগের অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে গতকাল সোমবারের ওই আলোচনা কোথায়, কার সঙ্গে এবং কী বিষয়ে হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। খবর আলজাজিরার।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গতকাল মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন। যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ খুঁজতেই এ যোগাযোগ হয়েছে বলে ধারণা করা হলেও আলোচনার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অবসান এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টার মধ্যেই তার এই বৈঠকের খবর সামনে আসে।
এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আবারও ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র শিগগিরই জয়ী হবে বলে দাবি করেন। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে বেড়ে যাওয়া জ্বালানি তেলের দামও দ্রুত কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত বন্ধের পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়েও মধ্যস্থতার উদ্যোগ চলছে। কাতারসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, গতকালের আলোচনায় এই উদ্যোগে নতুন করে অগ্রগতি আনার চেষ্টা করা হয়েছে। তবে আলোচনায় কী ধরনের প্রস্তাব দেয়া হয়েছে কিংবা উভয় পক্ষের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
জ/রা