দেশের বাজারে টানা নয় দফা দরপতনের পর দীর্ঘ প্রায় ১৩ মাসের মধ্যে প্রথমবারের মতো দুই লাখ টাকার নিচে নেমেছে সোনার দাম। সর্বশেষ শনিবার (২১ নভেম্বর) ২২ ক্যারেটের সোনার প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এতে মাত্র দুই দিনের ব্যবধানে ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ১৪৬ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে এ দর কার্যকর হয়েছে।
এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী ক্রেতাদের মজুরি দিতে হবে।
এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার বিনিময়ের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ৯ শতাংশ এবং কেনার (পারচেজ) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।
সর্বশেষ এ দর নির্ধারণের মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।
জ/শা