পূর্বধলায় সাংবাদিককে হুমকি ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-23T00:39:24+06:00
2026-11-23T00:39:24+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পূর্বধলায় সাংবাদিককে হুমকি ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
নেত্রকোণা প্রতিনিধি
⏲ ১২:৩৯ এএম | ২৩ নভেম্বর, ২০২৬ | সোমবার
ছবি- নেত্রকোণা প্রতিনিধি
Advertisement
নেত্রকোনার পূর্বধলায় মো. সাগর আহম্মেদ নামে এক সাংবাদিককে গালাগাল, প্রাণনাশের হুমকি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে পূর্বধলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। রোববার (২২ নভেম্বর) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আগিয়া বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন সাংবাদিক সাগর আহম্মেদ।

সাগর আহম্মেদ দৈনিক জবাবদিহি পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি। সাংবাদিকতার পাশাপাশি উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুধি বাজারে ‘সাগর আয়রন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি।

জিডির আবেদনে সাগর আহম্মেদ উল্লেখ করেন, শনিবার দুপুরে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আগিয়া বাজারের একটি চায়ের দোকানে বসেন তিনি। সেখানে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি মোবাইল ফোনে দেশের খবরাখবর দেখছিলেন। এ সময় কথোপকথন শুনে পাশ থেকে উঠে এসে জহিরুল ইসলাম তাঁর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশসহ বিভিন্ন মামলা ও হামলার ভয়ভীতি দেখান।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে জহিরুল তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কেড়ে নেন। এ সময় সাংবাদিকতা কীভাবে করেন, তা দেখে নেওয়ার হুমকিও দেন তিনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করে ফেরত পান সাগর।

জিডিতে সাগর আহম্মেদ উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তির হুমকির পর থেকে তাঁর ব্যক্তিগত জীবন, সাংবাদিকতা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিজের নিরাপত্তার স্বার্থে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জহিরুল ইসলাম। তাঁর দাবি, ঘটনার দিন সাগর আহম্মেদ চায়ের দোকানে বসে নড়াইলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে ভুয়া তথ্য প্রচার করছিলেন। মোবাইল ফোনে খবর দেখে তিনি স্থানীয় লোকজনকে এসব তথ্য জানাচ্ছিলেন। এতে তাঁদের দলের বদনাম হচ্ছে বলে সাগরকে এমন তথ্য প্রচার না করতে বলেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তাঁরা পরস্পরের দিকে এগিয়ে যান। পরে উপস্থিত লোকজন তাঁদের থামিয়ে দেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত