কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও পিস্তলের একটি কভার উদ্ধার করেছে এসআরবি-১২।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়ার একটি দল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামে অভিযান চালায়।
অভিযানে গ্রামের মোবারক আলী (৭০)-এর বাড়ির দক্ষিণ ভিটার উত্তরমুখী দোচালা টিনের ঘরের মাটির গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থানা থেকে লুট হওয়া পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও পিস্তলের একটি কভার উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জ/উ