জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় মতিউর রহমানকেও আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাঈল মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লায়লা কানিজের নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ১৭ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩৩২ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, তার গ্রহণযোগ্য আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর সঞ্চয় বা বৈধ উৎসের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৩০ লাখ ২৭ হাজার ২২৬ টাকা। সে হিসাবে তার নামে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সম্পদ বিবরণীতে ঘোষিত সম্পদের সঙ্গে যাচাইয়ে পাওয়া সম্পদের ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার পার্থক্য রয়েছে। দুদকের অভিযোগ, অসৎ উদ্দেশ্যে সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে এই পরিমাণ সম্পদের তথ্য গোপন করেছেন লায়লা কানিজ। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে মতিউর রহমানের বিরুদ্ধে বলা হয়েছে, প্রথম স্ত্রী লায়লা কানিজকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হতে তিনি প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এর আগে, ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মতিউর রহমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুদক।
এ ছাড়া তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৪৯০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৪৭৫ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা আরেকটি মামলার তদন্ত চলছে বলে জানা গেছে। ওই মামলাতেও আসামি হিসেবে রয়েছেন মতিউর রহমান।
মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও আবগারি বিভাগের সাবেক সদস্য। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ২০২৫ সালের ১৪ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।
জ/দি