জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে যখন সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তখন ম্যানহাটনের ব্যস্ত এলাকায় একটি পরিত্যক্ত স্যুটকেস ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে একটি গুরুত্বপূর্ণ ভবনের অংশবিশেষ খালি করার পাশাপাশি আশপাশের কয়েকটি সড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে ক্রাইসলার ভবনের কাছাকাছি একটি ফুটপাতে স্যুটকেসটি পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলটি জাতিসংঘের সদর দপ্তর থেকে কয়েকটি অ্যাভিনিউ দূরে হওয়ায় বিষয়টি দ্রুত গুরুত্ব পায়।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, বিকেল ৩টার কিছু আগে ইস্ট ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের কাছাকাছি স্যুটকেসটির সন্ধান পাওয়া যায়। সন্দেহজনক বস্তু হিসেবে সেটিকে শনাক্ত করার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
পুলিশের একটি প্রশিক্ষিত কুকুর স্যুটকেসটিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করার পর ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল ও জরুরি বিভাগের সদস্যদের পাঠানো হয়। পরিস্থিতি যাচাই করতে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং অন্যান্য ফেডারেল সংস্থার সদস্যরাও সেখানে উপস্থিত হন।
সম্ভাব্য ঝুঁকি এড়াতে পুলিশ আশপাশের এলাকায় চলাচল সীমিত করে। ৪২তম থেকে ৪৪তম স্ট্রিট পর্যন্ত এবং সেকেন্ড অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউ পর্যন্ত সড়কের কিছু অংশ বন্ধ করে দেয়া হয়।
একই সঙ্গে ক্রাইসলার ভবনের প্রথম পাঁচ তলা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়। এতে ওই এলাকার স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।
সন্দেহজনক স্যুটকেসটি ঘিরে প্রায় ৯০ মিনিট ধরে তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম চালানো হয়। পরে এনওয়াইপিডির বোমা নিষ্ক্রিয়কারী দল নিশ্চিত করে, স্যুটকেসের ভেতরে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
পুলিশের পরীক্ষার পর স্যুটকেসটিকে নিরাপদ ঘোষণা করা হয়। এরপর ধীরে ধীরে ভবন ও আশপাশের সড়কে আরোপ করা বিধিনিষেধ প্রত্যাহার করা হয়।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং জনসাধারণের জন্য কোনো বিস্ফোরক হুমকি ছিল না বলে পুলিশ নিশ্চিত করেছে।
জ/রা