পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী।
ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা।
আধা-সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের আঞ্চলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত ও জাতীয় স্বার্থ সুরক্ষায় তারা ‘এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না’।
এদিকে আইআরএনএ প্রকাশিত ড্রোন ভূপাতিত হওয়ার কয়েকটি ছবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ছবিগুলোতে সামরিক সরঞ্জামের কিছু ক্ষতিগ্রস্ত অংশ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে।
তবে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জ/শা