ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে দেশটির স্থলসীমান্ত বন্ধের উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে প্রতিবেশী দেশগুলোর আপত্তিতে ওয়াশিংটনের সেই প্রচেষ্টা সফল হয়নি। তুরস্ক, ইরাক ও পাকিস্তান সীমান্ত বন্ধ করতে রাজি না হওয়ায় ইরানের স্থলপথের বাণিজ্য বন্ধের পরিকল্পনা বাধার মুখে পড়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইরানের জল ও আকাশপথের বাণিজ্য আগে থেকেই কঠোর নজরদারিতে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবার দেশটির স্থলপথের বাণিজ্যও বন্ধ করার উদ্যোগ নেয় ওয়াশিংটন। এ লক্ষ্যে তুরস্ক, ইরাক ও পাকিস্তানকে সীমান্ত বন্ধের জন্য চাপ দেওয়া হয়। তবে দেশ তিনটি জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
এর পেছনে বড় কারণ ইরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক। বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ইরানের ওপর অনেকটাই নির্ভরশীল ইরাক ও পাকিস্তান। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার লাখ লাখ মানুষের জীবিকা এই বাণিজ্যের সঙ্গে যুক্ত।
সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিলে এসব অঞ্চলে বড় ধরনের অস্থিরতা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে তুরস্ক সীমান্তসংক্রান্ত নীতিতে পরিবর্তন আনতে রাজি হয়নি। একই কারণে ইরাক ও পাকিস্তানও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী সীমান্ত বন্ধ করেনি।
কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার বিকল্প কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। গত শনিবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীনে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ফ্লোরিডায় অবস্থানরত ২০ সদস্যের এই দল সরাসরি কোনো সামরিক অভিযানে অংশ নেবে না। বরং গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোকে অবৈধ অস্ত্র ও চোরাচালান বন্ধে সহায়তা করবে, যাতে দেশগুলো নিজেরাই এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতে পারে।
ট্রাম্প প্রশাসনের ধারণা, ইরানে সরাসরি সামরিক হামলার চেয়ে দেশটির ওপর কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা বেশি কার্যকর হতে পারে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান বর্তমানে যে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে নতুন করে বোমা হামলার প্রয়োজন নেই।
তবে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় ইরানও কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতা বাড়িয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করে বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখার চেষ্টা করছে তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্সের উদ্যোগ মোকাবিলার বিষয়েও তৎপরতা চালাচ্ছে দেশটি। এর অংশ হিসেবে গত মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী।
সব মিলিয়ে, ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রকে এখন প্রতিবেশী দেশগুলোর নিজস্ব অর্থনৈতিক নির্ভরতা, বাণিজ্যিক স্বার্থ ও অভ্যন্তরীণ বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। এসব বাধা অতিক্রম না করা পর্যন্ত ইরানের স্থলপথের বাণিজ্য পুরোপুরি বন্ধ করা ওয়াশিংটনের জন্য কঠিন হয়ে থাকবে। সূত্র: সামা টিভি ও নিউইয়র্ক টাইমস
জ/দি