নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, মাদক মামলার আসামি, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার উপজেলার বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১৭ জনের মধ্যে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছয়জন, মাদক মামলায় তিনজন, মাদকসেবী তিনজন, ওয়ারেন্টভুক্ত তিনজন এবং নিয়মিত মামলায় দুজন রয়েছেন।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার তিনজন হলেন মো. শাহ জালাল (৩২), মো. রাসেল (২৭) ও মো. আওলাদ হোসেন (৩৮)। মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে মিনু (৫০), মো. নয়ন (৪০) ও মো. এমদাদুল হককে (১৯)।
বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছয়জন হলেন মো. রিফাত (২১), মো. সাইফুল ইসলাম (৩৬), আলমগীর (২৮), আলমগীর (৪৫), মো. মাজহারুল ইসলাম (৪০) ও মোফাজ্জল হোসেন (৫৫)। পুলিশের দেওয়া তথ্যে তাদের স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নিয়মিত মামলায় মো. হোসেন আলী (৩৩) ও মো. রবিন মিয়া (২০) এবং ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. ইউসুফ, মো. সাইদুল ইসলাম (৪২) ও মো. মোতাহারকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
জ/উ