ফিরলেন না শাকিব, সকালে মিলল পুকুরে ভাসমান লাশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-20T20:27:22+06:00
2026-09-20T20:27:22+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
ফিরলেন না শাকিব, সকালে মিলল পুকুরে ভাসমান লাশ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম 
ফিরলেন না শাকিব, সকালে মিলল পুকুরে ভাসমান লাশ
ময়মনসিংহের গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে শাকিব মিয়া (২৩) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগোপালপুর বাজারসংলগ্ন ঠাকুরবাড়ি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। সাঁতার জানা এই যুবকের অল্প পানিতে লাশ পাওয়ায় তাঁর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা।

শাকিব রামগোপালপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। পড়াশোনা ছেড়ে তিনি বাবার ব্যবসায় সহযোগিতা করতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে যান শাকিব। রবিবার সকালে সড়কসংলগ্ন বাড়ির সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। সকাল আনুমানিক ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে প্রথমে লাশটি কার, তা শনাক্ত করা যায়নি। সকাল ৯টার দিকে শাকিবকে ঘরে না পেয়ে তাঁর বাবা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে পরিবারের লোকজন লাশটি শাকিবের বলে শনাক্ত করেন।

শাকিবের চাচা ও রামগোপালপুর বাজারের ব্যবসায়ী শিবুল মিয়া জানান, তাঁর ভাতিজা সুস্থ ও স্বাভাবিক ছিলেন। ভালো সাঁতারও জানতেন। পুকুরের যে স্থানে লাশটি পাওয়া গেছে, সেখানে হাঁটু থেকে কোমরসমান পানি। কারও সঙ্গে তাঁদের পরিবারের পূর্বশত্রুতা কিংবা জমিজমা নিয়ে বিরোধ নেই বলেও জানান তিনি। সাঁতার জানা সুস্থ একজন যুবকের এভাবে লাশ পাওয়ার বিষয়টি পরিবারের কাছে রহস্যজনক মনে হচ্ছে।

এদিকে পরিবারের সদস্যরা জানান, সকালে লাশ উদ্ধারের পর স্বজন ও স্থানীয় লোকজনের ভিড়ের মধ্যে শাকিবের ব্যবহৃত মোবাইল ফোনটি তাঁর ঘরে খুঁজে পাওয়া যায়নি। তবে ভিড়ের মধ্যে সেটি কোথাও পড়ে যেতে বা হারিয়ে যেতে পারে বলেও ধারণা করছেন তাঁরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিবের মৃত্যু দুর্ঘটনাজনিত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে তাঁরা সন্দিহান। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন তাঁরা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]