দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর দিনই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। একই দিনে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ প্রত্যাশার তুলনায় শক্তিশালী থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।
সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ তুলনামূলকভাবে স্বাভাবিক থাকায় আন্তর্জাতিক বাজারে দাম কমেছে।
প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৮৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৬ ডলারে দাঁড়িয়েছে।
জেপি মরগানের বিশ্লেষকেরা ১৮ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানান, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ‘প্রত্যাশার চেয়ে শক্তিশালী’ রয়েছে।
তাদের হিসাব অনুযায়ী, গত ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে। তবে এই সরবরাহ ২০২৫ সালের গড়ের তুলনায় প্রতিদিন ৬১ লাখ ব্যারেল কম।
এর মধ্যেই ইরান-সমর্থিত হুতিদের সৌদি আরবে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। গত শনিবার হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে তিনি এখন ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুব শিগগিরই বড় ধরনের কিছু ঘটতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন মূলত সরবরাহ পরিস্থিতি ও কূটনৈতিক অগ্রগতির ওপর নির্ভর করছে। রপ্তানি স্বাভাবিক হতে দেরি হলে কিংবা জাহাজ চলাচলের পরিস্থিতির আরও অবনতি হলে সরবরাহ কমে আবারও তেলের দাম বাড়তে পারে।
এদিকে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা। এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা ও অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে। অর্থাৎ এক দিনেই চার ধরনের জ্বালানির দাম লিটারে ২০ টাকা করে বেড়েছে।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
এর আগে ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সময়ে কেরোসিন ১৮ টাকা, পেট্রল ১৯ টাকা এবং অকটেন ২০ টাকা বাড়ানো হয়েছিল। জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ানো হয়। এরপর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। সূত্র: সিএনবিসি
জ/উ