মাঠে কৃষিকাজে ব্যস্ত ছিল কয়েকজন কৃষক। হঠাৎ আকাশ থেকে নেমে আসে বজ্রের ভয়ংকর আঘাত। মুহূর্তেই লুটিয়ে পড়েন পাঁচজন কৃষক। স্থানীয়রা তাদের হাসপাতালে নেয়ার পর চিকিংসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত হয়ে আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার সময় কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলার পৃথক দুটি স্থানে মর্মান্তিক এ বজ্রপাতের ঘটনা ঘটে।
সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া ও জোতপাড়ায় বজ্রপাতে গুরুতর আহত হন তিন কৃষক। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দহকুলা কারিগরপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. রওশন আলী (নুশু) মারা যান।
আহত সমেজ আলী ও আব্দুল জলিলও একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্যদিকে, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বজ্রপাতে প্রাণ হারান আব্দুর রাজ্জাকের ছেলে আরোজ আলী। একই দিনে জেলার পৃথক দুই প্রান্তে দুই কৃষকের মৃত্যু ও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোক ও আতঙ্ক।
মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হওয়া এসব ঘটনায় কৃষকদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ ।
জ/রা