ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান সামরিক অভিযানে এখনও বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। একইসঙ্গে ইঞ্জিন লুব্রিকেন্ট ও যন্ত্রাংশ প্রবেশে সীমাবদ্ধতা এবং জ্বালানি ঘাটতির কারণে গাজার পানি সরবরাহ, সমুদ্রের পানি নিষ্কাশন ও চিকিত্সাসেবাসহ গুরুত্বপূর্ণ জনসেবার জ্বালানি সরবরাহ প্রচণ্ড চাপের মুখে পড়েছে। জাতিসংঘ গতকাল (সোমবার) এ তথ্য জানায়।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানায়, গত সপ্তাহান্তে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান অব্যাহত ছিল, বিশেষত অস্থায়ী যুদ্ধবিরতি রেখার তথাকথিত ‘হলুদ রেখার’ পশ্চিমে। জাতিসংঘ জোর দিয়ে বলেছে, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো, মানবিক কর্মী এবং সরবরাহ সবসময় সুরক্ষিত থাকতে হবে।
জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেছেন, যদি ইঞ্জিন লুব্রিকেন্ট ও যন্ত্রাংশের জন্য জরুরি অনুমোদন না পাওয়া যায়, তবে মানুষের নিরাপদ পানীয় জল পাওয়ার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যদি পানি উত্তোলন ব্যবস্থা বন্ধ হয়ে যায়, তবে বর্জ্য জল পরিশোধন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়তে পারে, এবং সময়মতো অপসারণ না করা আবর্জনা আবারও বিশাল আকারে জমে যেতে পারে।
জ/বা