বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
সূত্রে জানা যায়, ২০২৫ সালের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) পুতুলের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের জুলাইয়ে তাকে অবৈতনিক প্রশাসনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও।
এ ছাড়া চীন সফরের সঙ্গে সম্পর্কিত আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করে সংস্থাটি। তবে পুতুল এসব অভিযোগ অস্বীকার করেছেন।
পুতুলের পদত্যাগপত্রে ডব্লিউএইচওর পক্ষ থেকে বাংলাদেশে একটি জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগ তোলার কথাও উল্লেখ করা হয়েছে। তবে তার দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি নিয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় জমিটি পাওয়ার অধিকার তার ছিল।
পদত্যাগপত্রে পুতুল অভিযোগ করে বলেন, দায়িত্ব পালনে বাধা দেওয়ায় ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের নেতৃত্বের ওপর তিনি আস্থা হারিয়েছেন। প্রায় এক বছর বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, দুটি সূত্র জানিয়েছে, পুতুলকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে আসছিল ডব্লিউএইচও। নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের জন্য আগামী ১২ অক্টোবর মনোনয়ন আহ্বান, ডিসেম্বরে আবেদন যাচাই এবং ২৪ জানুয়ারি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।
জ/রা