রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকট থেকে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থান দেশের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী এই পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকি বাড়াচ্ছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্ণ হতে চলেছে। ফলে শুধু সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রাখাইনে নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে হবে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৌশল নতুন করে নির্ধারণ বা ‘রি-ফ্রেমিং’ করা জরুরি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে আন্তর্জাতিক মহলের ধারাবাহিক সমর্থন প্রয়োজন। বিশ্বের বিভিন্ন সংঘাত ও সংকটের মধ্যে রোহিঙ্গা ইস্যুটি যেন আড়ালে পড়ে না যায়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, জাতিসংঘসহ প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে রোহিঙ্গা সংকটের প্রতি নিয়মিত নজর রাখতে হবে। সংকটটির স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।
জ/উ