বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়ার শপথ আজ রোববার (৬ সেপ্টেম্বর)। বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে গত ২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-যেটি আগে ঘটবে-পর্যন্ত তিনি পিএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়ার শিক্ষকতা জীবনের সূচনা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে (এআইইউবি)। ২০০২ সালের ১৪ জানুয়ারি থেকে ২০০৩ সালের ২৮ অক্টোবর পর্যন্ত তিনি সেখানে শিক্ষকতা করেন।
এরপর ২০০৩ সালের ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন তিনি। শিক্ষকতার পাশাপাশি একাডেমিক ও পেশাগত জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০০৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ৩১ আগস্ট পর্যন্ত লন্ডনে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন অব দ্য ইউনাইটেড কিংডমের আঞ্চলিক সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন নাজমুজ্জামান ভূঁইয়া।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। একই বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব ল-এর ডিন ছিলেন তিনি।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া। ব্রিটিশ কমনওয়েলথ স্কলারশিপের আওতায় তিনি এ ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল মিডিয়া আইন।
আন্তর্জাতিক আইন নিয়েও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর নির্বাহী পরিষদের সদস্য। একই সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের বর্তমান ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
জ/উ