ফরিদপুর ডায়াবেটিক সমিতির নবগঠিত ৫ সদস্যবিশিষ্ট তত্ত্বাবধায়ক কমিটি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এ উপলক্ষে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবগঠিত তত্ত্বাবধায়ক কমিটিতে প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান শামীম আহ্বায়ক, ডা. আলী আকবর হালদার দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব এবং প্রকৌশলী মোঃ শহীদুল হাসান, প্রফেসর মো. আবদুত তাওয়াব ও চৌধুরী ফারিয়ান ইউসুফ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ডা. এ এফ এম কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী কমিটির সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুস সামাদ, নবগঠিত কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান শামীম, সদস্য প্রফেসর মো. আবদুত তাওয়াব, সদস্য চৌধুরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ও রাশিদুজ্জামান লিটন।
বক্তারা, ফরিদপুর ডায়াবেটিক সমিতির চিকিৎসা সেবা আরও উন্নত ও আধুনিক করার পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির সদস্যরা বিদায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতা, পরামর্শ ও সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুর ডায়াবেটিক সমিতিকে আরও উন্নত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। এ জন্য তারা সংশ্লিষ্ট সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মনোয়ার আহমেদ তরফদার, ফরিদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. খান মো. আরিফ, হাসপাতাল পরিচালক ডা. মোসলেম উদ্দিন, এম.টি. আক্তার টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ডা. রফিকুল ইসলামসহ ফরিদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
পরে নবগঠিত কমিটির আহ্বায়ক ও উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।