বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয়। বুধবার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে নেমে এই অনন্য কীর্তি গড়েন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন মাইলফলক স্থাপন করলেন এই ব্যাটার।
এই ম্যাচেই এর আগে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন হৃদয়। তৃতীয় দিন শেষে তিনি অপরাজিত ছিলেন। চতুর্থ দিনের সকালে টেলেন্ডারদের সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেন তিনি। মধ্যাহ্ন বিরতির সময় বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৫৭৬ রান। তখন হৃদয়ের নামের পাশে ছিল অপরাজিত ২৭৪ রান।
লাঞ্চের পরও ব্যাট হাতে নিজের দাপট ধরে রাখেন হৃদয়। ধীরে ধীরে এগিয়ে যান কাঙ্ক্ষিত ৩০০ রানের মাইলফলকের দিকে। শেষ পর্যন্ত ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিদেশের মাটিতে এই কীর্তি গড়া প্রথম ব্যাটার হিসেবে নিজের নাম লিখিয়ে নেন তিনি।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের করা ৫১২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কয়েকটি উইকেট হারিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সেই চাপ সামলে দলকে ঘুরে দাঁড়ানোর পথে নেতৃত্ব দেন হৃদয়। দীর্ঘ সময় উইকেটে থেকে একদিকে দলের ইনিংসকে এগিয়ে নিয়েছেন, অন্যদিকে ব্যক্তিগত অর্জনকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
জ/উ