জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-02T18:23:41+06:00
2026-09-02T18:23:41+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম 
আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগস্টে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে মানুষ যে দুর্ভোগে পড়েছে, সেপ্টেম্বর মাসে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

আজ বুধবার জাতীয় সংসদে দেশের চলমান বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আরও একটি এফএসআর স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছিল। তবে সে সময় ওই এফএসআর স্থাপনের চুক্তি বাতিল করা হয়। তার মতে, তখন চুক্তিটি করা হলে বর্তমানে একটি এফএসআর নষ্ট হলেও দেশের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাকে এতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর শিল্প ও বিদ্যুৎ খাতের চাহিদা পূরণে দ্রুত একটি এফএসআর স্থাপনের উদ্যোগ নিয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বলেছেন, ২০২৮ সালের পর এফএসআরটি চালু করা সম্ভব হবে।

তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দ্রুত সমাধান করতে হলে পায়রা ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রকে দ্রুততম সময়ে কাজে আনতে হবে।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আগস্ট মাসে বাংলাদেশের মানুষকে যে কষ্ট পোহাতে হয়েছে, অন্তত সেপ্টেম্বর মাসে যেন সেই কষ্ট পোহাতে না হয়, সে ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’

রুফটপ সোলার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারের নেওয়া রুফটপ সোলার নীতির আলোকে তারা দৃঢ়ভাবে আশাবাদী যে আগামী গ্রীষ্মে দেশের মানুষকে বিদ্যুৎ নিয়ে এমন দুর্ভোগে পড়তে হবে না। প্রধানমন্ত্রীও এর আগে এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]