জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-02T18:19:44+06:00
2026-09-02T18:19:44+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম 
বাংলাদেশি ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে চালু থাকা ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা করে তা আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান বলে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অতীত সহযোগিতা ও বিনিয়োগের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। বিশেষ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ কৃষি খাতে মার্কিন সহায়তার বিষয়টি উল্লেখ করে তিনি এ খাতে আরও বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান।

দেশের জ্বালানি খাতের উন্নয়নেও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠান শেভরনের বিনিয়োগ ও অবদানের কথা উল্লেখ করে তিনি জ্বালানি খাতে আরও মার্কিন বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তরের ওপর গুরুত্ব দেন তিনি।

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি। জবাবে মার্কিন রাষ্ট্রদূত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মার্কিন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদার। দুই দেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বিশ্বাসী। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান ও সমতার নীতিকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দেয়।

আগামী দিনে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রসঙ্গও বৈঠকে উঠে আসে। রাষ্ট্রপতি বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে এ চুক্তি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে উভয় দেশের অর্থনৈতিক বাস্তবতা ও স্বার্থ বিবেচনায় নিয়ে চুক্তিটিকে আরও ভারসাম্যপূর্ণ এবং উভয়ের জন্য লাভজনক করার সুযোগ রয়েছে।

এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ পুনর্ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]