বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও তারকা ফুটবলার জামাল ভূঁইয়া মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার হোটেল শেরাটনে এ উপলক্ষে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন জামাল ভূঁইয়া।
ছয় মাস মেয়াদি এ চুক্তির আওতায় নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম এবং গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগে অংশ নেবেন জামাল ভূঁইয়া। এর মাধ্যমে তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবেন তিনি।
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে জামাল ভূঁইয়া বলেন, ‘আমি নগদের সঙ্গে কাজ করেছি, ভালো লেগেছে। আজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। সবশেষ নগদের ক্যাম্পেইন ছিল বিশ্বকাপ নিয়ে, যা খুবই চমৎকার একটি ক্যাম্পেইন ছিল। সবকিছু মিলিয়ে নগদ দেশের জন্য ভালো কিছু করছে, এটা অনেক ভালো লাগার বিষয়।’
তিনি আরও বলেন, উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে নগদ বাংলাদেশে ডিজিটাল লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন সময়ে গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটির আয়োজন করা ক্যাম্পেইন ও পুরস্কারের উদ্যোগও নগদকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে।
জামাল ভূঁইয়াকে নগদ পরিবারে স্বাগত জানিয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘জামাল ভূঁইয়াকে নগদ পরিবারে অনেক অনেক স্বাগতম। বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে নগদের একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা ছিল আমাদের। শুধু জামাল ভূঁইয়া নন, সামনের দিনে আরও স্টার খেলোয়াড়দের সঙ্গে আমরা নগদ পরিবারকে সম্পৃক্ত করব। নগদ বাংলাদেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের সঙ্গে থাকবে।’
অনুষ্ঠানে নগদের সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ