লিবিয়ায় দীর্ঘদিন আটকে থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব বাংলাদেশিকে ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছিল। আজ মঙ্গলবার তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা হয়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিতভাবে সমুদ্রপথে বিদেশ যাওয়ার চেষ্টা অনেক সময় অভিবাসীদের মৃত্যু, নিখোঁজ হওয়া, জিম্মি কিংবা আটকের কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের পরিস্থিতিতে অনেক অভিবাসীকে দীর্ঘ সময় ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দি জীবন কাটাতে হয়।
এ কারণে দালাল ও মানবপাচারকারীদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে অনিয়মিত পথে বিদেশ যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের শনাক্তকরণ, কনস্যুলার সহায়তা এবং দেশে প্রত্যাবাসনের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে দূতাবাস। এ কার্যক্রমের অংশ হিসেবে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে।
এদিকে বেনগাজীর গানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে অবস্থানরত অন্যান্য বাংলাদেশি নাগরিকদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
জ/উ