সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
নিহতরা হলেন-উপজেলার গণ্ডগোহালী গ্রামের কলি, লুৎফর, জান্ডার ও রুবেল; দুবাই গ্রামের শুভ ও সুমন; বিশা গ্রামের সাগর ও মজিদুল; পারকাসুন্দা গ্রামের মো. জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের এসব ব্যক্তি জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তারা একটি সোফা তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
প্রসঙ্গত, রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।
জ/উ