মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২৫২ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটক ব্যক্তিদের মধ্যে ১৬৪ জনই বাংলাদেশি।
গত শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে ইউএসজে ২৩ ও ক্লাংয়ের কমপ্লেক্স পাসার বেসার মেরু এলাকায় এ অভিযান চালানো হয়। গতকাল শনিবার (২২ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম 'বারিতা আরটিএম' এ তথ্য জানায়।
অভিযানে ৭১০ জন বিদেশির কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়। আটক ২৫২ জনের বয়স ১৮ থেকে ৫০ বছর। তাদের মধ্যে বাংলাদেশি ১৬৪, মিয়ানমারের ৫৭, ইন্দোনেশিয়ার ২৪, ভারতের তিন, নেপালের তিন এবং পাকিস্তানের একজন নাগরিক রয়েছেন। আটক বাংলাদেশিদের সবাই পুরুষ।
সেলাঙ্গর ইমিগ্রেশনের উপপরিচালক (নিয়ন্ত্রণ) মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, অভিযানের সময় অনেকে পালিয়ে পাশের পরিত্যক্ত খনি এলাকায় আশ্রয় নেন। কেউ কেউ খাটের নিচেও লুকিয়ে থাকার চেষ্টা করেন।
রাত ১টা ৫৫ মিনিটে শুরু হওয়া অভিযানে সেলাঙ্গর ও পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ, জাতীয় মাদকবিরোধী সংস্থা এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা অংশ নেন।
আটকদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের শর্ত ভঙ্গ এবং অনুমোদিত সময়ের বেশি অবস্থানসহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। খুসাইরি জানান, আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
তিনি নিয়োগকর্তা ও সাধারণ মানুষকে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সুরক্ষা না দেওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে তথ্য থাকলে ইমিগ্রেশন বিভাগকে জানানোর অনুরোধ করেন।
জ/উ