সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। গতকাল বুধবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সৌদি সিভিল ডিফেন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মক্কা প্রদেশে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধের আশপাশ এড়িয়ে চলার পাশাপাশি কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
সৌদি আরবের আবহাওয়া সতর্কতা ব্যবস্থায় ‘রেড অ্যালার্ট’ সর্বোচ্চ স্তরের সতর্কবার্তা। চরম ঝুঁকিপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হলে এই সতর্কতা জারি করা হয়।
গত কয়েক দিন ধরে মক্কা প্রদেশের আবহাওয়া অস্থিতিশীল রয়েছে। বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বর্ষণের আশঙ্কাও দেখা দিয়েছে। এর ফলে কিছু এলাকায় আকস্মিক বন্যাসহ বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় পূর্ব সতর্কতা জারি করা হয়েছিল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার সময় বাসিন্দাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
জ/উ