সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হয়নি-এমন অভিযোগ তুলে ভারতজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি নির্ধারণে সোমবার দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিতের সময় নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ কয়েকটি এখনো বাস্তবায়ন করা হয়নি। এর মধ্যে রয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি পরবর্তী আন্দোলনের ধরন ও কর্মসূচি নির্ধারণ করতেই জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে সিজেপি।
রোববার দেওয়া এক বিবৃতিতে দলটি জানায়, সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর অংশ হিসেবে দেশব্যাপী আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরু করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।
এর আগে সরকারের আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দলটি। তাদের দাবি, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় নতুন করে আন্দোলনের বিষয়টি সামনে এসেছে।
সিজেপি নেতাদের মতে, নতুন করে অসন্তোষ তৈরির অন্যতম কারণ গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানি। দলটির দাবি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তির বিষয়ে আদালত একাধিকবার কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছে।
সিজেপির ভাষ্য, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের একটি সমন্বিত তালিকা আদালতে জমা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। দলটির দাবি, ওই তালিকা পাওয়া গেলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে আদালতের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মামলাগুলো একসঙ্গে বাতিল করার সুযোগ তৈরি হতে পারে।
তবে আদালতের এসব নির্দেশের পরও মোদি সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। দলটি আরও জানিয়েছে, তাদের প্রাথমিক আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি এখনো পূরণ হয়নি।
সিজেপির দাবি, আন্দোলন-সংশ্লিষ্ট সব এফআইআর প্রত্যাহার বা বাতিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ‘সম্মানজনক ক্ষতিপূরণ’ দেওয়ার লিখিত নিশ্চয়তার ক্ষেত্রে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। এসব বিষয়ে সরকারের প্রতিনিধিরাও দলটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেননি বলে দাবি করেছে তারা।
আগের আন্দোলন স্থগিত করাকে নিজেদের সদিচ্ছার প্রকাশ হিসেবে উল্লেখ করে সিজেপি বলেছে, ওই সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। তাদের সতর্কবার্তা, শান্তিপূর্ণ আন্দোলন বন্ধের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ নিয়ে পরে প্রতিশ্রুতি থেকে সরে গেলে তারা তা মেনে নেবে না।
জ/উ