তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-23T14:07:15+06:00
2026-08-23T14:07:15+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
জবাবদিহি ডেস্ক
⏲ ২:০৭ পিএম | ২৩ আগস্ট, ২০২৬ | রোববার
তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

ইসমাইল বাঘাই বলেন, আসিম মুনিরের সফরের প্রধান উদ্দেশ্য ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের চলমান উদ্যোগ অব্যাহত রাখাও সফরের অন্যতম লক্ষ্য।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তান যে ‘আন্তরিক প্রচেষ্টা’ চালিয়ে আসছে, তেহরান সেটিকে গুরুত্বের সঙ্গে দেখছে। আসিম মুনিরের সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও বাড়বে বলে আশা করছে ইরান।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি ঘিরে পাকিস্তান সক্রিয় কূটনৈতিক ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ইরান ও আঞ্চলিক বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে উত্তেজনা কমানো এবং সংলাপের পরিবেশ তৈরির ওপর জোর দিয়ে আসছে ইসলামাবাদ।

এমন প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরে ইরান-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে সফরের নির্দিষ্ট কর্মসূচি, আসিম মুনির কার কার সঙ্গে বৈঠক করবেন এবং আলোচনায় কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে-এসব বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিস্তারিত কিছু জানাননি।

ইরান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্তের পাশাপাশি নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত নিরাপত্তা জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি যখন অত্যন্ত স্পর্শকাতর, তখন আসিম মুনিরের তেহরান সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে সফরটি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সূত্র: আল-জাজিরা

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত