জবাবদিহি ডেস্ক

স্বাস্থ্য

2026-08-18T12:24:27+06:00
2026-08-18T12:24:27+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Advertisement
স্বাস্থ্য
অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অভিযান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:২৪ পিএম 
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অনুমোদনহীন ও মানহীন হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে গত পাঁচ মাসে সারা দেশে ২৫০টির বেশি অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধে চলতি বছরের ২৯ মার্চ থেকে নিয়মিত অভিযান শুরু করে স্বাস্থ্য বিভাগ। বিভিন্ন অভিযানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিজেও উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নূরুল ইসলাম জানান, এ পর্যন্ত সারা দেশে প্রায় ৫ হাজার অবৈধ ও মানহীন হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ২৫০টির বেশি অবৈধ ক্লিনিক বন্ধ করা হয়েছে। পাশাপাশি ২০০টি ক্লিনিককে প্রয়োজনীয় সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে।

তিনি জানান, যেসব ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোকেও নবায়নের জন্য সময় দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রায় ৬ হাজার ক্লিনিক লাইসেন্স নবায়ন করেছে। আরও ২ থেকে ৩ হাজার লাইসেন্সের আবেদন জমা পড়েছে। এসব আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডা. মো. নূরুল ইসলাম বলেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মানুষের আস্থা বাড়ানো এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে অনিয়ম, লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা এবং নিম্নমানের চিকিৎসাসেবার অভিযোগ থাকা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের ২০২৪ সালের এক প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে ১ হাজার ২৮৫টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪১৫টি অবৈধ প্রতিষ্ঠান রয়েছে ঢাকা বিভাগে।

প্রতিবেদন অনুযায়ী, রংপুরে ১১১টি, ময়মনসিংহে ২৫২টি, রাজশাহীতে ৫৫টি, চট্টগ্রামে ২৪০টি, বরিশালে ৪৮টি, খুলনায় ১৫৬টি এবং সিলেটে ৮টি অবৈধ প্রতিষ্ঠান রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে রাজধানীতে প্রায় ২৫টি অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। পরিদর্শনের সময় স্বাস্থ্য ও তদন্তকারী দল বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, কোনোটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন জেলাতেও এ ধরনের অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ফরিদপুরে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার, টাঙ্গাইলে অনুমোদনহীন ছয়টি ক্লিনিক, শরীয়তপুরে দুটি ক্লিনিক, নরসিংদীতে দুটি, পাবনায় দুটি ক্লিনিক এবং মানিকগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এ ছাড়া ঝিনাইদহের হরিণাকুণ্ডে একটি এবং রাজশাহীর গোদাগাড়ীতে একটি ক্লিনিক বন্ধ করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সব মিলিয়ে প্রায় দুই শতাধিক অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, কোনো হাসপাতাল বা ক্লিনিক ন্যূনতম স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার ক্ষেত্রেও কোনো আপস করা হবে না।

তিনি আরও বলেন, রাজধানী থেকে শুরু হওয়া অভিযান ধাপে ধাপে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। অবৈধভাবে হাসপাতাল বা ক্লিনিক পরিচালনাকারীদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বাসসকে বলেন, সারা দেশে অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন হাসপাতালের অনিয়ম দূর করার পাশাপাশি স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানের সময় প্রতিষ্ঠানের লাইসেন্স যাচাই, চিকিৎসা সরঞ্জামের মান পরীক্ষা, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না এবং চিকিৎসকদের বৈধ সনদপত্র রয়েছে কি না-এসব বিষয় পরীক্ষা করা হচ্ছে।

মহাপরিচালক বলেন, কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা, সিলগালা কিংবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভুয়া চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনিশিয়ানদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]