সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শনিবারের ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হামলায় দুই বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আরও অনেকে আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে বিবৃতিতে জানানো হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
পাশাপাশি চলমান সংকটের পরিপ্রেক্ষিতে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপরও গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সরকার।
জ/শা